ওয়ান নিউজ ডেস্ক
আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এর মধ্যে রয়েছে নিউমার্কেট এলাকা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন এবং গাজীপুর চৌরাস্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ঈদের আগে সাত দিন এবং ঈদের পর আরও তিন দিন মাঠে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যানজটপ্রবণ এলাকায় শৃঙ্খলা বজায় রাখার কাজেও তারা সহায়তা করবেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও মহাসড়কে পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সহযোগিতা করবে বিজিবি।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় রাজধানী ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা দুর্ভোগ তৈরি না হয়।

