একদিনের সফরে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ

একদিনের সফরে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ

ওয়ান নিউজ ডেস্ক: একদিনের সরকারি সফরে মৌলভীবাজারের উদ্দেশে রাজধানী ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১৭ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে সড়কপথে তিনি সরাসরি মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করবেন।

সফরের সূচি অনুযায়ী, দুপুর ১টায় প্রধানমন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছাবেন। সেখানে ঐতিহাসিক শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সরকারের বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। উদ্বোধনী কর্মসূচির আওতায় প্রথম ধাপে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি নিম্নআয়জীবী ও দুস্থ পরিবারের হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।

এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মূল ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি সুবিধাভোগী পরিবারের মাঝে কার্ড বিতরণ করা হবে।

সরকারি কর্মসূচি শেষে বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শ্রীমঙ্গলের বিখ্যাত ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’-এর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছানোর পর সংক্ষিপ্ত বিশ্রাম শেষে রিসোর্টের সম্মেলন কক্ষে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি। দলীয় সভা শেষে সন্ধ্যায় পুনরায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরবেন এবং সেখান থেকে বিমানে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *