ওয়ান নিউজ ডেস্ক:
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মুক্তিযুদ্ধকালীন সময়ের জামায়াত ও বর্তমান দলের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সময়ের সঙ্গে দলটির নীতিমালা ও গঠনতন্ত্রে একাধিক পরিবর্তন আনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখা এই সমাবেশের আয়োজন করে।
গোলাম পরওয়ার বলেন, বর্তমান গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি দলের সদস্য হওয়ার ক্ষেত্রেও দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে পুরনো বিতর্কে আটকে থাকলে জাতির অগ্রগতি বাধাগ্রস্ত হয়। অতীতের বিভাজন ভুলে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি উদাহরণ দেন—অন্যান্য অনেক দেশ স্বাধীনতার পর বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে উন্নয়নের পথে এগিয়েছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধনী) বিল-২০২৬ প্রসঙ্গে তিনি মত দেন, মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে যে বিতর্ক রয়েছে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন করা উচিত। তার মতে, কিছু মহল এই বিতর্ক ইচ্ছাকৃতভাবে টিকিয়ে রাখতে চায়, যা জাতির ঐক্যের জন্য ক্ষতিকর।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা এটিএম মাসুম এবং মহানগরীর প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

