এক বছরের স্থবিরতা কাটিয়ে টেকনাফ স্থলবন্দরে ফের বাণিজ্য কার্যক্রম শুরু

এক বছরের স্থবিরতা কাটিয়ে টেকনাফ স্থলবন্দরে ফের বাণিজ্য কার্যক্রম শুরু

ওয়ান নিউজ ডেস্ক:

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে টেকনাফ স্থলবন্দর। শুক্রবার (১ মে) দুপুরে মিয়ানমার থেকে কাঠ বোঝাই একটি ট্রলার বন্দরে পৌঁছানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পুনরায় শুরু হয়।

বন্দর সংশ্লিষ্টরা জানান, সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার একটি খাল থেকে যাত্রা করে ট্রলারটি দুপুর দেড়টার দিকে টেকনাফ ঘাটে ভিড়ে। এর মধ্য দিয়েই সীমান্ত বাণিজ্যের নতুন সূচনা হয়।

বন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের স্থানীয় এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, কাঠবাহী নৌযান আগমনের মাধ্যমে স্থগিত থাকা কার্যক্রম আবার চালু হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বন্দর সচল হওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে। শ্রমিকদের একজন জানান, কাজ বন্ধ থাকায় জীবিকা সংকটে পড়েছিলেন অনেকেই। এখন আবার কাজ শুরু হওয়ায় তারা আশাবাদী।

এর আগে গত ১৪ এপ্রিল বন্দর পরিদর্শনে এসে দ্রুত কার্যক্রম চালুর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই পুনরায় চালু হলো গুরুত্বপূর্ণ এই সীমান্ত বাণিজ্য কেন্দ্র।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত এলাকায় অনিশ্চয়তা তৈরি হয়। নৌপথে চলাচল নিয়ন্ত্রণ এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে গত বছর সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যায়। এতে আমদানি-রপ্তানিকারকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন এবং সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারায়।

সংশ্লিষ্টরা মনে করছেন, বন্দর কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকলে সীমান্ত বাণিজ্যে আবারও গতি ফিরবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *