ওয়ান নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পটভূমির তিন শতাধিক ব্যক্তি। শুক্রবার (৮ মে) রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
নতুন যোগদানকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক নেতাকর্মী, চাকরিজীবী, উদ্যোক্তা, ব্যবসায়ী, কনটেন্ট নির্মাতা এবং চাকরিপ্রত্যাশীরা রয়েছেন বলে জানিয়েছে দলটি।
অনুষ্ঠানে এনসিপির নেতারা দাবি করেন, তরুণ ও পেশাজীবীদের মধ্যে দলটির প্রতি আগ্রহ বাড়ছে। এর ধারাবাহিকতায় আগামীতে আরও বড় পরিসরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে যুক্ত হবেন।
দলীয় সূত্রে জানা গেছে, উত্তরার বিভিন্ন পোশাক কারখানার বিপুল সংখ্যক শ্রমিকও শিগগিরই এনসিপির শ্রমিক সংগঠনে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

