ডেস্ক রিপোর্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কূটনীতিক। বুধবার (৬ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিকাল অফিসার জেমস স্টুয়ার্ট অংশ নেন। তার সঙ্গে ছিলেন দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাতও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এনসিপির মুখপাত্র বিদেশি প্রতিনিধিদলকে দলের কার্যালয় ঘুরিয়ে দেখান এবং দলীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিদেশি কূটনৈতিক যোগাযোগ দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর আন্তর্জাতিক আগ্রহের ইঙ্গিত বহন করে।

