ডেস্ক রিপোর্ট:
ওমান উপসাগর থেকে জব্দ করা ইরানের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি তুসকার ২২ জন নাবিককে পাকিস্তানে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে পরবর্তীতে তাঁদের নিজ দেশ ইরানে ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।
সোমবার (৪ মে) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, জাহাজটির নাবিকদের নিরাপদে পাকিস্তানে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং দ্রুতই তাঁদের দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া হবে।
গত ২০ এপ্রিল যুক্তরাষ্ট্র ওমান উপসাগর থেকে এমভি তুসকা নামের ইরানি জাহাজটি আটক করে। অভিযোগ করা হয়, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ লঙ্ঘনের কারণে জাহাজটি জব্দ করা হয়েছে। তবে এই ঘটনাকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানায় তেহরান।
এর আগে, জাহাজটিতে থাকা আরও ছয়জনকে গত সপ্তাহে একটি আঞ্চলিক দেশের কাছে হস্তান্তর করা হয়, যাদেরকে নাবিকদের পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে, মানবিক বিবেচনায় তাঁদের নিজ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ওপর এর প্রভাব পড়তে পারে।
সূত্র: আল–জাজিরা

