কোরবানির হাটে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’, বিশ্বজুড়ে আলোচনায় সাদা মহিষ

কোরবানির হাটে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’, বিশ্বজুড়ে আলোচনায় সাদা মহিষ

ওয়ান নিউজ ডেস্ক

কোরবানির ঈদকে ঘিরে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নারায়ণগঞ্জের একটি খামারের অদ্ভুত সুন্দর সাদা মহিষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল রেখে নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আর সেই নামেই এখন দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচনায় এই বিশালাকৃতির অ্যালবিনো মহিষ।

প্রায় দেড় হাজার পাউন্ড ওজনের চার বছর বয়সী মহিষটির বিশেষ আকর্ষণ তার ধবধবে সাদা গায়ের রং ও মাথার ওপর সোনালি চুলের মতো ঝুঁটি। খামার মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, রাজশাহী থেকে প্রায় ১০ মাস আগে মহিষটি কেনার পর থেকে বিশেষ যত্নে লালন-পালন করা হচ্ছে।

খামারে এখন প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। শুধু স্থানীয় দর্শনার্থী নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনায় এসেছে মহিষটি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

ব্রিটিশ ও ইউরোপীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মহিষটির আলাদা চেহারা ও পরিচর্যার বিষয়টি তুলে ধরা হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, মাথার সোনালি চুলের মতো অংশ নিয়মিত চিরুনি দিয়ে পরিচর্যা করা হচ্ছে।

খামারি জিয়া উদ্দিন বলেন, মহিষটিকে ঘিরে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। ঈদ সামনে রেখে ইতোমধ্যে কয়েকজন ক্রেতা বড় অঙ্কের দামও প্রস্তাব করেছেন। তবে প্রাণীটির সঙ্গে আবেগ জড়িয়ে যাওয়ায় বিক্রির বিষয়টি তার জন্য সহজ নয় বলেও জানান তিনি।

কোরবানির পশুর বাজারে প্রতি বছরই ব্যতিক্রমী আকার বা বৈশিষ্ট্যের গরু-মহিষ আলোচনায় আসে। তবে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই অ্যালবিনো মহিষটি এবার আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *