একেএম বজলুর রহমান, পঞ্চগড়
কোর্ট শেষে বাড়ি ফেরা হলো না আইনজীবী সোলাইমান হকের। ঘাটক ট্রাক কেড়ে নিল তার প্রান। পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিলগেট বাজার-ফুলতলা রোডের আহমদনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সোলায়মান হক পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের সদ্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সদস্য।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পঞ্চগড় জেলা জজ আদালত থেকে কোর্ট শেষ করে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে বোদা উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনজীবী সোলাইমান হকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। পঞ্চগড় সদর থানার (ওসি) জানান, ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

