নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে একটি লাল স্কচটেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও একটি রহস্যময় চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর ঘাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে মাথাভাঙ্গা নদীর ঘাটে একটি পলিথিনে মোড়ানো সন্দেহভাজন বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কৌতূহলবশত কাছে গিয়ে পলিথিনের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে তাদের মনে বোমা হওয়ার সন্দেহ জাগে। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে সংবাদ দেন।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা সেখান থেকে পলিথিনে মোড়ানো লাল রঙের সেই সন্দেহভাজন বস্তু এবং একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে চিরকুটটি পলিথিনের ভেতরে ভাজ করা থাকায় এবং নিরাপত্তার খাতিরে তাতে কী লেখা ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান: সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বস্তু ও চিরকুটটি উদ্ধার করেছি। উদ্ধারকৃত বস্তুটির ধরন খতিয়ে দেখা হচ্ছে। চিরকুটটি আমরা পরীক্ষা করছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এর পেছনে কারা জড়িত তা শনাক্তে কাজ করছে পুলিশ।

