চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু, উদ্বোধনে প্রধানমন্ত্রী

চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু, উদ্বোধনে প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক:
দেশের মাঠ প্রশাসনকে আরও কার্যকর ও সমন্বিত করতে রাজধানীতে শুরু হয়েছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

এবারের সম্মেলনে মাঠ প্রশাসনের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে যাচাই-বাছাই করে ৪৯৮টি প্রস্তাব আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্যসেবা, ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান ও ই-গভর্নেন্সসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে এসব প্রস্তাব প্রাধান্য পেয়েছে।

সম্মেলনে অংশ নিচ্ছেন দেশের সব জেলা প্রশাসক। পাশাপাশি ৫৬টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ খাতভিত্তিক অধিবেশনে অংশ নিয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। মোট ৩৪টি অধিবেশনের মধ্যে ৩০টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে মাঠ প্রশাসনের বাস্তব সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সম্মেলনের অংশ হিসেবে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও আয়োজন রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে মাঠ প্রশাসনের বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করে কার্যকর সমাধান নির্ধারণ করা সম্ভব হবে, যা দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *