ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৫ থেকে ৭ মে পর্যন্ত সরকারি সফরে চীন যাচ্ছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে সোমবার (৪ মে) এক মুখপাত্র জানিয়েছেন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সফরটি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলা বাংলাদেশ ও চীন পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে।
মুখপাত্র জানান, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে অনুসরণ করে ধারাবাহিকভাবে সহযোগিতা বৃদ্ধি করেছে। এর ফলে বাণিজ্য, অবকাঠামো ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের জনগণ উপকৃত হয়েছে।
এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদার এবং বিভিন্ন খাতে পারস্পরিক বিনিময় আরও সম্প্রসারণের আশা করছে বেইজিং। পাশাপাশি ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) বাস্তবায়নে অগ্রগতি আনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সফর চীন-বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভূমিকা রাখতে পারে এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে দুই দেশের সহযোগিতা আরও গভীর হবে।

