ছয় মৌসুমে তৃতীয়বার সিরি-এ জয়, শিরোপা ঘরে তুলল ইন্টার মিলান

ছয় মৌসুমে তৃতীয়বার সিরি-এ জয়, শিরোপা ঘরে তুলল ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক:
ইতালিয়ান সিরি-এ লিগে আবারও নিজেদের আধিপত্য প্রমাণ করল ইন্টার মিলান। রোববার (৪ মে) সান সিরো স্টেডিয়ামে পার্মাকে ২-০ গোলে হারিয়ে চলতি মৌসুমের শিরোপা নিশ্চিত করেছে তারা। গত ছয় মৌসুমে এটি ইন্টার মিলানের তৃতীয় লিগ শিরোপা, আর পুরো ক্লাব ইতিহাসে ২১তম।

ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে মার্কাস থুরামের নিখুঁত শটে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধে হেনরিখ মিখিতারিয়ানের গোল ব্যবধান দ্বিগুণ করে এবং কার্যত শিরোপা নিশ্চিত করে দেয় ইন্টারকে।

লিগের এখনও তিনটি ম্যাচ বাকি থাকলেও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১২ পয়েন্ট এবং তৃতীয় স্থানের এসি মিলানের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে থেকে আগেভাগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে দলটি।

এই সাফল্যে বড় অবদান রেখেছেন দলের আর্জেন্টাইন তারকা লাওতারো মার্তিনেজ। চলতি মৌসুমে তার করা ১৬ গোলই তাকে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রেখেছে। গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে আছেন তিনি, কাছাকাছি অবস্থানে রয়েছেন সতীর্থ থুরাম।

গত মৌসুমে মাত্র এক পয়েন্টের ব্যবধানে শিরোপা হাতছাড়া এবং চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বড় পরাজয়ের হতাশা কাটিয়ে এ মৌসুমে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মিলান।

কোচ ক্রিস্তিয়ান কিভুর নেতৃত্বে দলটি নতুন ছন্দে খেলেছে। গত জুনে সিমোনে ইনজাঘির স্থলাভিষিক্ত হওয়ার পর অনেকেই প্রশ্ন তুললেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন কিভু।

এখন সামনে আরও একটি বড় সুযোগ—আগামী ১৩ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে লাৎসিওকে হারাতে পারলে ইতিহাসে তৃতীয়বারের মতো লিগ ও কাপ ‘ডাবল’ জয়ের কীর্তি গড়তে পারে ইন্টার মিলান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *