জনগণকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করব: শ্যামল

জনগণকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করব: শ্যামল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে নেতাকর্মীদের প্রশাসনের ওপর নির্ভরশীল না হয়ে জনগণকে সঙ্গে নিয়ে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অগ্রযাত্রাকে ব্যর্থ করতে যত ধরনের ষড়যন্ত্রই করা হোক না কেন, বাংলাদেশের মানুষ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

বৃষ্টির মধ্যেই জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে সমবেত হন। সেখানে প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে আবারও বক্তব্য দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের ভোটে নির্বাচিত এই দলের নেতাকর্মীদের ইউনিয়ন, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই নিষিদ্ধ শক্তি ও ফ্যাসিবাদী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিস্ট ও নিষিদ্ধ দলকে প্রতিহত করা প্রশাসনের দায়িত্ব। তবে নেতাকর্মীদের প্রশাসনের ওপর নির্ভরশীল হয়ে থাকলে চলবে না। জনগণই বিএনপির শক্তি, জনগণকে সঙ্গে নিয়েই যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে, আগামী দিনেও তাদের যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। পরে তাঁর বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *