জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

ওয়ান নিউজ ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত মো. জাহাঙ্গীর হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার এসআই শামীম হোসেন গত ১৪ মে সাবেক এই মন্ত্রীকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

নির্ধারিত দিনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নূরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলন চলাকালে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন মো. জাহাঙ্গীর। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিন রাতেই তার মৃত্যু হয়।

অভিযোগে বলা হয়েছে, আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জড়িত ছিলেন। এ ঘটনায় পরবর্তীতে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতাল থেকে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *