জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু

জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু

ওয়ান নিউজ ডেস্ক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে আগামী ১০ জুন সাক্ষ্যগ্রহণ ও সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, তানভীর আহমেদ টিটু, সাংবাদিক রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্নাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা। বর্তমানে মামলার সব আসামি পলাতক বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান, সহিদুল ইসলাম ও মঈনুল করিমসহ অন্যরা। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবর্ষণ ও সহিংসতায় কিশোর, শিক্ষার্থী, পোশাককর্মী ও শিশুসহ কয়েকজন নিহত হন। এছাড়া ২১ জুলাই ও ৫ আগস্ট পৃথক ঘটনায় আরও কয়েকজনকে হত্যা করা হয়।

প্রসিকিউশনের পক্ষ থেকে মোট তিনটি অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে গণহত্যা, পরিকল্পিত হামলা ও রাজনৈতিক সহিংসতার বিষয় উল্লেখ রয়েছে।

এর আগে গত ৫ মে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে শুনানি শেষে বুধবার মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর সিদ্ধান্ত আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *