ওয়ান নিউজ ডেস্ক: ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে আজকের এই দিনে (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে তৎকালীন সরকারের নির্দেশে ব্রডব্যান্ড সংযোগে মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ প্রধান প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনেই রাজধানী ঢাকার শাহবাগসহ দেশের বেশ কয়েকটি স্থানে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার ফোর-জি মোবাইল ইন্টারনেট সেবাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়লে ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে দেশব্যাপী ব্রডব্যান্ড সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, যা পাঁচ দিন পর ২৩ জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড এবং ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল নেটওয়ার্ক চালুর মাধ্যমে কিছুটা স্বাভাবিক হলেও ৪ আগস্ট আন্দোলনের গতিবেগ বাড়ায় আবারও কড়া বিধিনিষেধের মুখে পড়ে পুরো যোগাযোগ ব্যবস্থা।

