ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ভারত, ‘অযৌক্তিক ও রুচিহীন’ বলে পাল্টা জবাব

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ভারত, ‘অযৌক্তিক ও রুচিহীন’ বলে পাল্টা জবাব

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় নাগরিকদের নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তার বক্তব্যকে ‘অযৌক্তিক’ ও ‘রুচিহীন’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ট্রাম্পের মন্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তা দুই দেশের সম্পর্কের প্রকৃত অবস্থাকে প্রতিফলিত করে না। তিনি জোর দিয়ে বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ভারত ও চীন থেকে অনেকেই যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেন শুধুমাত্র জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে। এমন বক্তব্যকে কেন্দ্র করেই সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে মার্কিন কংগ্রেস সদস্য অ্যামি বেরা মন্তব্য করেছেন, এ ধরনের বক্তব্য অপমানজনক এবং বাস্তবতা বিবর্জিত। একইসঙ্গে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনও মন্তব্যটিকে ঘৃণামূলক ও বর্ণবাদী হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আগে থেকেই দুই দেশের মধ্যে কিছুটা টানাপোড়েন ছিল। বিশেষ করে প্রযুক্তি খাতে কর্মরত ভারতীয়দের ভিসা এবং বাণিজ্য শুল্ক ইস্যুতে মতপার্থক্য রয়েছে।

এমন পরিস্থিতিতে আগামী মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের পরিকল্পনা রয়েছে, যার লক্ষ্য দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমানো।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ ধরনের মন্তব্য কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যদিও উভয় দেশই সম্পর্ক স্বাভাবিক রাখতে আগ্রহী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *