নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধে শিশুদের সচেতন করার পাশাপাশি তাদের মাধ্যমে পরিবারকেও সচেতন করতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, বাড়ির ছাদে বা আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থাপনা ও জমে থাকা পানি অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর দক্ষিণ পল্লবীতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন আমিনুল হক।
‘পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি’ স্লোগানে দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির আয়োজনে এবং মসজিদুল আমান নির্বাহী কমিটির উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি পল্লবীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আমিনুল হক বলেন, বছরের নির্দিষ্ট সময়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ে এবং এ রোগে অনেক মানুষের মৃত্যু হয়। এ পরিস্থিতি মোকাবিলায় ছোট শিশু থেকে শুরু করে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের সচেতন করার মাধ্যমে তাদের পরিবারের সদস্যদেরও ডেঙ্গু প্রতিরোধে সম্পৃক্ত করা সম্ভব।
তিনি আরও বলেন, ‘আমরা চাই, ডেঙ্গুতে আর কোনো মানুষ মারা না যাক। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাড়ির ছাদে পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে। বাড়ির সামনে কোথাও পানি জমে থাকলে কিংবা ড্রেনেজ ব্যবস্থাপনায় সমস্যা থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে সেসব স্থান পরিষ্কার রাখতে হবে।’
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়েই ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

