স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালে ড্রেসিংরুমে ধূমপানের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার রিয়ান পরাগ। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), এবং তার কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়ার প্রস্তুতি চলছে।
বিসিসিআই সূত্রে জানা গেছে, ড্রেসিংরুমে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এ ধরনের আচরণের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে সংশ্লিষ্ট খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
ঘটনাটি ম্যাচ চলাকালে রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারের সময় ঘটে বলে জানা গেছে। সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, সতীর্থদের সঙ্গে বসে থাকা অবস্থায় পরাগের হাতে একটি ই-সিগারেট বা ভেপিং ডিভাইসের মতো বস্তু রয়েছে বলে দাবি উঠেছে।
আইপিএলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, কিছু খেলোয়াড় ব্যক্তিগতভাবে ই-সিগারেট ব্যবহার করলেও ড্রেসিংরুমের মতো নির্দিষ্ট স্থানে তা সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া বর্তমানে মাঠ ও ড্রেসিংরুমে সর্বত্র ক্যামেরা থাকায় এ ধরনের ঘটনা সহজেই জনসম্মুখে চলে আসে।
উল্লেখ্য, আইপিএল শুরুর আগে অধিনায়কদের বৈঠকে ড্রেসিংরুমে ক্যামেরা স্থাপন নিয়ে কিছুটা আপত্তি উঠেছিল। খেলোয়াড়দের ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখার বিষয়টি তখন আলোচনায় আসে।
এছাড়া ভারতের প্রচলিত আইন অনুযায়ী, ই-সিগারেটের উৎপাদন, বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রিত এবং নির্দিষ্ট ক্ষেত্রে নিষিদ্ধ। ফলে বিষয়টি শুধু আইপিএলের নীতিমালাই নয়, আইনি দিক থেকেও গুরুত্ব পাচ্ছে।
ঘটনাটি নিয়ে এখন ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিসিসিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

