ওয়ান নিউজ ডেস্ক:
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকাসহ মোট ১৩টি অঞ্চলে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তরাঞ্চলে গভীর মেঘমালার সৃষ্টি হতে পারে, যা কয়েকদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
অতিরিক্ত বৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

