আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে ডাকসুর বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের দায়িত্বশীলদের এক সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন সাদিক কায়েম নিজেও। দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থিতা নিয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হলেও শিগগিরই কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সাদিক কায়েম ইতোমধ্যে নিজের ভোটার ঠিকানা ঢাকায় স্থানান্তর করেছেন। যদিও এখনো প্রকাশ্য প্রচারণা শুরু হয়নি, তবে তিনি নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ—উভয় সিটি করপোরেশনের জন্যই দল প্রার্থী চূড়ান্ত করেছে এবং দ্রুত আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা তরুণ নেতা সাদিক কায়েমকে সামনে রেখে নির্বাচনে অংশ নিতে চায় জামায়াত। দলটির নেতারা মনে করছেন, তার জনপ্রিয়তা নির্বাচনী লড়াইয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

