অনলাইন ডেস্ক:
ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই রুটে যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও কার্যকর করতে সরকার ডাবল রেললাইন চালুর উদ্যোগ নিচ্ছে। এতে যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে এবং সময়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
সিলেট নগরের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সুরমা নদীর তীরে যে বন্যা প্রতিরোধ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তা বাস্তবায়িত হলে নগরের জলাবদ্ধতা সমস্যা অনেকটাই দূর হবে। এতে নগরবাসী বন্যা ও জলজটের দুর্ভোগ থেকে মুক্তি পাবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়কসহ এ অঞ্চলের সড়ক অবকাঠামো উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কর্মসূচি এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

