তাপপ্রবাহে পুড়ছে দেশ, কয়েক অঞ্চলে বৃষ্টির আভাস

তাপপ্রবাহে পুড়ছে দেশ, কয়েক অঞ্চলে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষ করে রাজশাহী বিভাগে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে, আর খুলনাসহ দেশের মোট ২৭টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার গরম বাতাস বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

বর্তমানে রাজশাহী জেলায় তীব্র তাপপ্রবাহ থাকলেও রাজশাহী বিভাগের অন্যান্য এলাকা, খুলনা বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার থেকে দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। শনিবার ও রোববারে বিভিন্ন বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমাতে পারে।

এছাড়া আগামী সপ্তাহের শুরুতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *