ডেস্ক রিপোর্ট:
সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা অবৈধভাবে স্থানান্তর ও আত্মসাতের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মঙ্গলবার (৫ মে) মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও আসামি আদালতে হাজির না হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তার পক্ষে আইনজীবী খায়ের উদ্দিন শিকদার আদালতে জানান, তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ এবং বর্তমানে চিকিৎসাধীন। তিনি দাবি করেন, তার মক্কেল স্মৃতিশক্তি হারিয়েছেন এবং কাউকে চিনতে পারছেন না, ফলে আদালতে উপস্থিত হয়ে কার্যক্রমে অংশগ্রহণের মতো অবস্থায় নেই।
তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এ আবেদন গ্রহণযোগ্য নয় বলে আপত্তি জানানো হয়। তাদের বক্তব্য, আসামিকে আদালতে উপস্থিত হয়ে এ ধরনের আবেদন করতে হবে। আদালতও আইনজীবীর আবেদন নাকচ করে দেন এবং আগামী ৭ মে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন।
মামলার সূত্রে জানা গেছে, এই অভিযোগের উৎপত্তি ২০০২ সালে, যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে। তদন্ত শেষে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দীর্ঘদিন আইনি প্রক্রিয়া স্থগিত থাকার পর সম্প্রতি পুনরায় মামলার কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে মামলার অন্য এক আসামি আদালতে উপস্থিত থাকলেও প্রধান আসামিদের অনুপস্থিতিতে বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে।

