ওয়ান নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিল করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি জানান, দলীয় মার্কা না থাকলেও স্থানীয়ভাবে প্রতিটি ইউনিয়নে দলের পক্ষ থেকে একক সমর্থিত প্রার্থী দেওয়ার বিষয়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে। প্রার্থীর দলীয় আনুগত্য ভোটারদের জানা থাকা স্বাভাবিক হলেও এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে না কিংবা বিএনপি কোনো বাড়তি সুবিধাও পাবে না উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জারি রয়েছে। আইনের আলোকে যেকোনো যোগ্য প্রার্থী যেন বাধাহীনভাবে প্রচার চালাতে পারেন এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই সমতল ক্ষেত্র তৈরির লক্ষ্যে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসনের মাধ্যমে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

