“দল এখন পাওয়ারে, কথা না শুনলে বোম মেরে মেরে ফেলবো”

“দল এখন পাওয়ারে, কথা না শুনলে বোম মেরে মেরে ফেলবো”

নিজস্ব প্রতিবেদক:

“দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন, পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলবো”- চিরকুটে এমন ভয়ঙ্কর প্রাণনাশের হুমকি দিয়ে মেহেরপুরের গাংনীতে আক্কাস আলী নামে এক শিক্ষকের বাড়িতে বোমা সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার কসবা গ্রামের মোল্লাপাড়ার ওই শিক্ষকের বাড়ির সিঁড়ির নিচ থেকে এগুলো উদ্ধার করে পুলিশ। আক্কাস আলী কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে ও গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে গত ৬ মাস ধরে বিরোধ চলছিল শিক্ষক আক্কাস আলীর। বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপও করেন।

আজ বুধবার জমিজমার কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর। কিন্তু তার আগেই আজ ভোরে দুর্বৃত্তরা তার বাড়িতে এই বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুটটি রেখে যায়।

চিরকুটের হুবহু লেখা: “দেয়াল দিচ্ছি রাস্তার পাশ দিয়ে পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলবো দল এখন পাওয়ারে বেঁচে থাকতে কথা শোন”

একের পর এক বোমা ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই হুমকির সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *