ওয়ান নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। আজ সোমবার (১৫ জুন) দুপুরে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেনজীর আহমেদকে ফেরত আনতে সংযুক্ত আরব আমিরাত সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র বা প্রত্যর্পণ চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যেই প্রয়োজনীয় নথিপত্র গোছানোর কাজ শুরু করে দিয়েছেন। এর আগে, গত ১২ জুন লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাওয়ার পথে দুবাই ট্রানজিটে সে দেশের পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করে। এরপর আরব আমিরাত সরকারের পক্ষ থেকে ঢাকাকে জানানো হয় যে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বেনজীরকে ফিরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই ডেডলাইন মেনেই এখন দ্রুততম সময়ে ইন্টারপোলের মাধ্যমে সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে দেশে এনে আদালতের মুখোমুখি করার প্রক্রিয়া চালাচ্ছে দুদক।

