ডেস্ক রিপোর্ট
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
এর আগে বুধবার সন্ধ্যায় সাত দিনের রিমান্ড আবেদন করে অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করে মদন থানা পুলিশ।
মামলার তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব-১৪ এর একটি দল অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ওই শিক্ষক এলাকায় একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে সেখানে পড়াশোনা করত। পারিবারিক সমস্যার কারণে শিশুটির মা জীবিকার তাগিদে সিলেটে গৃহকর্মীর কাজ করতেন।
সম্প্রতি শিশুটির শারীরিক অসুস্থতা ও পরিবর্তন লক্ষ্য করা গেলে তার মা বিষয়টি জানতে পারেন। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন, শিশুটি অন্তঃসত্ত্বা।
ঘটনার পর গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের দাবি, গ্রেফতার এড়াতে তিনি বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গৌরীপুর এলাকা থেকে আটক করা হয়।

