নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি করার দাবিতে উত্তর বিএনপির নেতাকর্মীদের মিছিল

নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি করার দাবিতে উত্তর বিএনপির নেতাকর্মীদের মিছিল

নিজস্ব প্রতিবেদক:


ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বে আমিনুল হককে সভাপতি করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশান-১ নম্বরে নাভানা টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আজাদ মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার পর নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার মধ্যে এই বিক্ষোভ মিছিল হলো। বিলুপ্ত কমিটির আহ্বায়ক ছিলেন আমিনুল হক এবং সদস্যসচিব ছিলেন মোস্তফা জামান। বিএনপির পক্ষ থেকে শিগগিরই নতুন কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে।

মিছিল থেকে নেতাকর্মীরা আমিনুল হককে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে আজাদ মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে মাঠে থাকা এবং দলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিকভাবে কাজ করার অভিজ্ঞতার কারণে আমিনুল হককে নতুন কমিটির নেতৃত্বে দেখতে চান তাঁরা।

বিক্ষোভকারীরা বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের আস্থা ও সমর্থন রয়েছে—এমন নেতৃত্ব প্রয়োজন। তাঁদের দাবি, আমিনুল হককে সভাপতি করা হলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম শেখ।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ভাটারা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান, ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সরকার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হিরো, বনানী ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহেদ আলী, গুলশান থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম মনা, গুলশান থানা শ্রমিক দলের সভাপতি আরিফ হোসেন, ভাটারা থানার ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, গুলশান থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহজাহানসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *