ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সিলেট থেকে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি সারাদেশে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, যা উপস্থিত দর্শনার্থীরা উপভোগ করেন।
এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার শহরের কাজীপাড়া জেলা ঈদগাহ মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় ক্রীড়া কার্যক্রম শুরু হয়।
জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে জেলার ৯টি উপজেলায় বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফুটবল খেলার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় এ আয়োজনের সূচনা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ, পৌরসভার প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের অংশ হিসেবে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও নাসিরনগর উপজেলার দল অংশগ্রহণ করে। খেলায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা দল ৫-১ গোলের ব্যবধানে নাসিরনগর উপজেলা দলকে পরাজিত করে।
স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করবে এবং ভবিষ্যতে ক্রীড়াকে পেশা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

