ওয়ান নিউজ ডেস্ক:
ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা বহুল আলোচিত মামলার রায় আগামী ১০ জুন ঘোষণা করা হবে। বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ হওয়ার আগেই নতুন করে বিয়ের অভিযোগে দায়ের হওয়া এই মামলায় বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রায়ের দিন ধার্য করেন।
এদিন আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। বাদীপক্ষের আইনজীবী দাবি করেন, মামলার অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়। অন্যদিকে নাসির ও তামিমার আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে তাদের নির্দোষ দাবি করেন এবং খালাস প্রার্থনা করেন।
শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন নাসির হোসেন ও তামিমা। পুরো কার্যক্রম চলাকালে তারা কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে রাকিব হোসেনের সঙ্গে তামিমার বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। তবে আগের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ না করেই ২০২০ সালে তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে ২০২১ সালে নাসির ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। এরপর একই বছরের ফেব্রুয়ারিতে আদালতে মামলা দায়ের করেন তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন।
তদন্ত শেষে নাসির, তামিমা ও তামিমার মাকে আসামি করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। যদিও তামিমার মা মামলার দায় থেকে অব্যাহতি পান।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও বিভিন্ন আইনি আবেদন নিষ্পত্তির পর অবশেষে মামলাটি এখন রায়ের অপেক্ষায় রয়েছে। আদালতে মোট ১০ জন সাক্ষ্য দিয়েছেন বলে জানা গেছে।

