ওয়ান নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মসজিদে দুই কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তাজুল ইসলাম (৫৫) নামের এক বাংলাদেশি ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড বুধবার (২৭ এপ্রিল) তাকে আটক করে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কুইন্সের জ্যামাইকা এলাকার সাটফিন বুলেভার্ডে অবস্থিত একটি ইসলামিক সেন্টারে এ ঘটনাগুলো ঘটে বলে অভিযোগ উঠেছে। অভিযোগপত্রে বলা হয়, ভুক্তভোগী দুই শিশুর বয়স প্রায় ১০ বছর এবং পৃথক সময়ে তাদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয়েছে।
আদালতে উপস্থাপিত তথ্যে জানা যায়, গত ২১ এপ্রিল এবং ২৭ এপ্রিল দুটি আলাদা ঘটনায় শিশুদের স্পর্শকাতর স্থানে স্পর্শ করার অভিযোগ আনা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
গ্রেপ্তারের পর কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করা হলে তাজুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেন। তবে আদালত তার বিরুদ্ধে গুরুতর একাধিক অভিযোগ গ্রহণ করে। এসব অভিযোগের মধ্যে রয়েছে ফার্স্ট ডিগ্রি যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করা।
বিচারক তার জামিন ২৫ হাজার ডলার নগদ বা সমপরিমাণ বন্ড নির্ধারণ করেছেন। পাশাপাশি জামিনে মুক্ত থাকলেও ভুক্তভোগীদের কাছ থেকে সম্পূর্ণ দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও ভুক্তভোগী থাকতে পারে—এমন সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এ ঘটনার কঠোর বিচার দাবি করেছেন এবং এমন অপরাধ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

