নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৫ মে) মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিগ্রি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

জামিল আহমেদ লিমন বিশ্ববিদ্যালয়টির ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় যুক্ত ছিলেন। তাদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আগামী ৭ মে বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে লিমনের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছানো হয়।

গত ১৬ এপ্রিল এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরিবারের সদস্যরা যোগাযোগ না পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তদন্ত শুরু হয়। পরে এ ঘটনায় জামিলের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়।

তদন্তের একপর্যায়ে ফ্লোরিডার একটি এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যার অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি বাংলাদেশি কমিউনিটি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *