পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু, সীমান্তে কড়াকড়ি নিরাপত্তা

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু, সীমান্তে কড়াকড়ি নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল ৭টা থেকে। এই ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ দফায় রাজ্যের সাতটি জেলার ১৪২টি বিধানসভা আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে।

ভোটগ্রহণ হচ্ছে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায়। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ-ভারত সীমান্তে জোরদার নজরদারি আরোপ করা হয়েছে।

অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিটি ভোটকেন্দ্র এবং স্পর্শকাতর এলাকায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

ভোটগ্রহণের আগের দিন নতুন করে প্রায় দেড় হাজার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কর্মকর্তারা জানান, আপিলের ভিত্তিতে ১ হাজার ৪৬৮ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এ দফার নির্বাচনে মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২২০ জন নারী। আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

ভোটগ্রহণের জন্য মোট ৪১ হাজারের বেশি বুথ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধান ও সহায়ক বুথ ছাড়াও বিশেষ ব্যবস্থা। বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য আলাদা কেন্দ্র রাখা হয়েছে এবং কিছু বুথকে মডেল কেন্দ্র হিসেবে সাজানো হয়েছে।

নির্বাচনকে ঘিরে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সাধারণ ও পুলিশ পর্যবেক্ষকরা মাঠে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ভোটের দিন নিরাপত্তা জোরদার রাখতে সীমান্ত এলাকায় চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়েছে।

এর আগে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২৩ এপ্রিল, যেখানে উল্লেখযোগ্য হারে ভোটার উপস্থিতি দেখা যায়। নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, দ্বিতীয় ধাপের ভোটও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। ভোট গণনা অনুষ্ঠিত হবে আগামী ৪ মে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *