ওয়ান নিউজ ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১০ মে) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বান্নু জেলার ফতেহ খেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে এক হামলাকারী পুলিশ চেকপোস্টে আঘাত হানে। বিস্ফোরণের পরপরই সশস্ত্র হামলাকারীরা সেখানে প্রবেশ করে গুলি চালায়। হামলায় আধুনিক অস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহারের অভিযোগও উঠেছে।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, হামলার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ব্যাপক গোলাগুলি চালানো হয়। পরে হামলাকারীরা কিছু অস্ত্র নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার প্রবণতা বেড়ে যাওয়ায় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও জঙ্গি তৎপরতা নিয়ে উত্তেজনাও ক্রমশ বাড়ছে।

