পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ২৩ ‘সন্ত্রাসী’

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে নিহত ২৩ ‘সন্ত্রাসী’

ওয়ান নিউজ ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় চালানো ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে ২৩ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ডাট্টা খেল, স্পিনওয়াম ও বান্নুসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী আস্তানাকে লক্ষ্য করে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। পাকিস্তানি কর্তৃপক্ষ নিহতদের ‘ভারত-সমর্থিত ফিতনা-আল-খাওয়ারিজ’ সদস্য হিসেবে উল্লেখ করেছে।

আইএসপিআরের দাবি, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানের মূল উদ্দেশ্য ছিল ওই অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করা। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে তীব্র গোলাগুলির ঘটনাও ঘটে।

সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে জান মীর ওরফে ‘তোর সাকিব’ নামে পরিচিত এক শীর্ষ কমান্ডারও রয়েছেন। তাকে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ও ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী হিসেবে খুঁজছিল পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে নিরাপত্তা সদস্য ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ ছিল বলে জানানো হয়।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে সেনাবাহিনী। পাশাপাশি সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাঙ্কার ধ্বংস করা হয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, এলাকাজুড়ে এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং অবশিষ্ট সশস্ত্র সদস্যদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা অভিযান জোরদার হওয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাত আরও বেড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *