ওয়ান নিউজ ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থান ২৩ নম্বরে উঠে এসেছেন তিনি।
বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শান্ত এখন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমের সঙ্গে যৌথভাবে ২৩তম স্থানে রয়েছেন।
মিরপুর টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শান্ত। প্রথম ইনিংসে ১০১ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেন ৮৭ রানের কার্যকর ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ব্যাট হাতে দলের ভরসা হয়ে ওঠেন তিনি।
দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি থেকে অল্পের জন্য বঞ্চিত হলেও নতুন একটি রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটার। মুশফিকুর রহিমকে ছাড়িয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন শান্ত। অধিনায়ক হিসেবে তার শতকের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম দুই ধাপ এগিয়ে এখন ২৬ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে মুমিনুল হক ১২ ধাপ এগোলেও রয়েছেন ৩৫তম স্থানে।
বোলারদের তালিকাতেও এসেছে পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে আগুনঝরা বোলিং করে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পেসার নাহিদ রানা পাঁচ ধাপ এগিয়েছেন। এছাড়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও তিন ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষ ১৫-তে।
এদিকে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট। আর বোলারদের তালিকায় এক নম্বরে রয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ।

