পাম্পে শৃঙ্খলা আনতে কড়াকড়ি, ইউএনওর আচরণ নিয়ে বিতর্ক

পাম্পে শৃঙ্খলা আনতে কড়াকড়ি, ইউএনওর আচরণ নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক:

কালীগঞ্জে একটি জ্বালানি তেল পাম্পে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আকতার জাহান। কয়েকদিন ধরে তিনি সরাসরি উপস্থিত থেকে পাম্পে ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে সম্প্রতি এক মোটরসাইকেল চালককে চড় মারার অভিযোগ ঘিরে শুরু হয়েছে আলোচনা।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, ইউএনও নিজেই পাম্প এলাকায় দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং লাঠি হাতে শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সারি ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সক্রিয় ভূমিকা রাখছিলেন। এক পর্যায়ে নিয়ম ভেঙে লাইনে ঢুকে পড়া এক মোটরসাইকেল চালককে সতর্ক করার সময় তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পাম্প এলাকায় প্রায়ই অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বারবার সতর্ক করার পরও কিছু চালক নিয়ম না মানায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে ভিন্নমত দেখা গেছে। কেউ বলছেন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন পদক্ষেপ প্রয়োজন ছিল। আবার অনেকে মনে করছেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের তদারকি কার্যক্রম চলবে। তবে এ বিষয়ে ইউএনওর সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *