পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বদলাচ্ছে ই-পাসপোর্টের জলছাপ

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বদলাচ্ছে ই-পাসপোর্টের জলছাপ

ওয়ান নিউজ ডেস্ক

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। একই সঙ্গে ই-পাসপোর্টের ভেতরের পাতায় থাকা জলছাপ ও বিভিন্ন স্থাপনার ছবিতেও বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের পররাষ্ট্রনীতি ও ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে এই শর্ত পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, নতুন সংস্করণের ই-পাসপোর্টে ধাপে ধাপে ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি সংযুক্ত করা হবে। পুরোনো পাসপোর্টধারীদের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসবে না। পাসপোর্ট নবায়নের সময় নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন।

উল্লেখ্য, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়।

এদিকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ই-পাসপোর্টের ভেতরের পাতায় থাকা বেশ কয়েকটি রাজনৈতিক ও স্থাপত্যভিত্তিক জলছাপ বাদ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ, নৌকার প্রতীক, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আরও কয়েকটি স্থাপনার ছবি।

পরিবর্তে নতুন সংস্করণের পাসপোর্টে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে বিভিন্ন নতুন ছবি যুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে বঙ্গভবন, জামদানি শাড়ি, ইলিশ মাছ, টাঙ্গুয়ার হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি, জাতীয় স্মৃতিসৌধ ও ঐতিহাসিক পানাম নগরীর ছবি।

এছাড়া সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন হিসেবেও একটি প্রতীকী ছবি যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে জাতীয় ফুল শাপলা, রয়েল বেঙ্গল টাইগার, শহীদ মিনার, লালবাগ কেল্লা, সুন্দরবন ও বায়তুল মোকাররম মসজিদের মতো কিছু পরিচিত প্রতীক আগের মতোই রাখা হচ্ছে।

স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, পাসপোর্টের নতুন নকশা ও জলছাপ পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সরকারপ্রধানের চূড়ান্ত অনুমোদনের পর নতুন পাসপোর্ট মুদ্রণের কার্যক্রম শুরু হবে।

বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থানের প্রতিফলন আরও স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *