ওয়ান নিউজ ডেস্ক:
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর বনানীতে আয়োজিত “সি.ও.এম.পি.এ.এস.এস. ডায়ালগ, চ্যাপ্টার-১: দ্য ওয়েস্টার্ন ক্যালিব্রেশন” শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)।
সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, সরকার দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। গ্যাস উত্তোলন বাড়ানোর লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ধীরগতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে এ সমস্যা দূর করে বাংলাদেশকে আরও বিনিয়োগবান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তার মতে, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য সম্ভাবনাময় বাজারে পরিণত হয়েছে।
মন্ত্রী দাবি করেন, অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি খাতের অগ্রগতি এবং নীতিগত সংস্কারের কারণে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার প্রস্তুত বলেও আশ্বাস দেন তিনি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, এই দীর্ঘমেয়াদি সংকটের টেকসই সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
দেশের রাজনৈতিক পরিবেশ আগের তুলনায় অনেক ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এর ফলে অর্থনৈতিক কার্যক্রম ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলে সরকার আশাবাদী।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

