প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক, কর্মসংস্থান ও সেবায় নতুন উদ্যোগের আলোচনা

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক, কর্মসংস্থান ও সেবায় নতুন উদ্যোগের আলোচনা

ওয়ান নিউজ ডেস্ক:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের শ্রমবাজার ও প্রবাসীদের কল্যাণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালুর মাধ্যমে প্রবাসীদের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করা হবে।

এ সময় জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা বাড়াতে রিক্রুটিং এজেন্সির নিবন্ধন প্রক্রিয়া সহজ করা, অভিবাসন ব্যয় কমানো এবং দক্ষ কর্মী তৈরির উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি ‘দক্ষতা যাচাইকরণ কর্মসূচি’ আরও সম্প্রসারণ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রস্তাবও তুলে ধরেন।

এছাড়া একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রস্তাব দেন, যার মাধ্যমে যাচাইকৃত দক্ষ কর্মীদের তথ্য সংরক্ষণ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। জনশক্তি রপ্তানিতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব আকামা ফি কমানো এবং প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন। এছাড়া কোনো কর্মী মারা গেলে দ্রুত মরদেহ দেশে ফেরত পাঠানোর বিষয়েও সহায়তা চাওয়া হয়।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান শ্রমচুক্তির বিষয়গুলো তুলে ধরে বলেন, প্রয়োজন হলে নতুন চুক্তির মাধ্যমে আরও সুযোগ সৃষ্টি করা যেতে পারে। তিনি কর্মীদের অভিযোগ দ্রুত সমাধানে একটি সমন্বিত অ্যাপ চালুর প্রস্তাব দেন এবং শিক্ষাবৃত্তির সংখ্যা বাড়ানোর কথাও জানান।

বৈঠকের শেষে মন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে সিলেট সফরের আমন্ত্রণ জানান এবং সৌদি আরব থেকে সিলেটে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা করার কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *