আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে সামনে রেখে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে আগাম সতর্ক অবস্থান নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ৪ মে ফল প্রকাশের পর তিনি নিজেই পশ্চিমবঙ্গ সফরে যেতে পারেন। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী দুই মাস পর্যন্ত রাজ্যে মোতায়েন রাখার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এছাড়া নির্বাচনী দায়িত্বে থাকা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবও শিগগিরই কলকাতায় পৌঁছাবেন।
এদিকে দলীয় নেতাকর্মীদেরও সংযত থাকার নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজয় উদযাপনের নামে কোনো ধরনের সহিংসতা বা উসকানিমূলক কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানানো হয়েছে। রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশলও এ বিষয়ে নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, অতীতে যে ধরনের সহিংসতা দেখা গেছে, তা আর পুনরাবৃত্তি হোক—এটা তারা চান না। নির্বাচন-পরবর্তী সময়টিতে নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যপালের কাছেও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। দুই প্রধান দলই একে অপরের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া এসেছে।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে ব্যাপক সহিংসতা ও অস্থিরতা দেখা গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগাম সতর্কতা জোরদার করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

