ওয়ান নিউজ ডেস্ক:
উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় টানা তিন মাস প্রয়োজনীয় সরকারি সহযোগিতা প্রদান করা হবে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরপরই সংশ্লিষ্ট প্রশাসনকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যাতে ক্ষয়ক্ষতি কমানো যায়।
তিনি জানান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাঠপর্যায়ের প্রশাসনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।
সরকারপ্রধান আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদে যোগ দেওয়ার আগে দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার কথাও উল্লেখ করেন তিনি। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে কৃষকদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা চালানো হবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্টরা বলছেন, সময়োপযোগী এই উদ্যোগ বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ কিছুটা লাঘব হবে এবং তারা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন।

