বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়ে সিআইডির খসড়া চার্জশিট প্রস্তুত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়ে সিআইডির খসড়া চার্জশিট প্রস্তুত

ওয়ান নিউজ ডেস্ক: দেশের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি বা বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলারের রিজার্ভ চুরির মামলায় দীর্ঘ ১০ বছরের বেশি সময় তদন্ত শেষে সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি-বিদেশি মোট ৬৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়ে প্রায় ১০ হাজার পৃষ্ঠার একটি খসড়া অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সিআইডির মুখপাত্র জসীমউদ্দিন খান জানান যে চূড়ান্ত আইনি পরামর্শের জন্য এই খসড়া অভিযোগপত্রটি ইতিমধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে এবং সেখান থেকে সবুজ সংকেত বা আইনি পরামর্শ পেলেই পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে। এই চাঞ্চল্যকর খসড়া চার্জশিটে বাংলাদেশের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান এবং উপপরিচালক জোবায়ের বিন হুদাসহ ১০ জন বাংলাদেশি এবং তৎকালীন আইটি উপদেষ্টা রাকেশ আস্থানাসহ ভারত, শ্রীলঙ্কা ও চীনের বেশ কয়েকজন নাগরিক ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে যার মধ্যে বানান ভুলের কারণে শ্রীলঙ্কায় পাঠানো ২০ মিলিয়ন ডলারের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং বাকি ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা দায়েরের পর সিআইডি তদন্তভার গ্রহণ করে এবং সম্প্রতি সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ জানিয়েছেন যে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ওই ৮১ মিলিয়ন ডলার ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে যা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *