ওয়ান নিউজ ডেস্ক: দেশের মানুষকে ‘হাইকোর্ট দেখানোর’ বা আইনি মারপ্যাঁচে ফেলার চেষ্টা করলে সাধারণ জনগণ রাজপথের আন্দোলন দিয়ে তার কড়া জবাব দেবে বলে বর্তমান সরকারকে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনাকে তার বিদেশি প্রভুরাও টিকিয়ে রাখতে পারেনি উল্লেখ করে তিনি সরকারকে তার মতো স্বৈরাচারী না হওয়ার সতর্কবার্তা দেন এবং সাম্প্রতিক ‘রাড্ডা কাণ্ডের’ দায়ভার নারী সংসদ সদস্যের পাশাপাশি সরাসরি প্রধানমন্ত্রীকেও নেওয়ার আহ্বান জানান। এছাড়া একই দিনে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির মাধ্যমে তাদের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে অভিযোগ করে মামুনুল হক অবিলম্বে সিন্ডিকেট প্রথা বাতিল, দলীয়করণমুক্ত বাংলাদেশ গঠন এবং জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত করার জোর দাবি জানান।

