অনলাইন ডেস্ক
চলচ্চিত্র নির্মাণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়ের ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী পূজা চেরী।
রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বক্তব্য দেন। পোস্টে পূজা চেরী জানান, তার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কোনো সম্পৃক্ততা নেই।
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে নিজস্ব প্রচেষ্টায় মিডিয়াতে কাজ করে আসছেন এবং নিজের পেশাগত জীবন ও ব্যয় নিজেই পরিচালনা করছেন। বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন তিনি।
পোস্টে আরও বলা হয়, বর্তমানে তিনি কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা প্রোডাকশন হাউজের সঙ্গেও যুক্ত নন।
পারিবারিক এ পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক উল্লেখ করে পূজা চেরী বলেন, বিষয়টি তার বাবার ব্যক্তিগত আইনি প্রক্রিয়ার অংশ এবং তিনি আশা করেন, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে।
এ সময় তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান, এ ঘটনার সঙ্গে তার পেশাগত জীবন বা ব্যক্তিগত পরিচয়কে অযথা সম্পৃক্ত না করার জন্য।
উল্লেখ্য, প্রতারণার অভিযোগে দায়ের করা এক মামলায় শনিবার দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

