ওয়ান নিউজ ডেস্ক: ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দখলে থাকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালি পুনরুদ্ধারে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এক লাখের বেশি ইয়েমেনি সেনা নিয়ে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে স্থলভাগে রিয়াদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনি বাহিনী লড়াই করবে এবং তাদের সহায়তায় আকাশপথে বিমান হামলা চালাবে সৌদি আরব; যার জন্য উপকূলীয় এলাকায় সীমিত অভিযান অথবা আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফসহ একাধিক অঞ্চলে সমন্বিত বড় আক্রমণের দুটি সম্ভাব্য ছক বিবেচনা করছে তারা। সম্প্রতি হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় এশিয়া ও ভূমধ্যসাগরের মধ্যে পণ্য চলাচলের অন্যতম প্রধান পথ বাব আল-মানদেবের কৌশলগত গুরুত্ব বহুগুণ বেড়েছে এবং এর নিয়ন্ত্রণ হুথিদের হাতে থাকলে শান্তি আলোচনা কঠিন হবে বলে মনে করছে রিয়াদ। আসন্ন এই সামরিক উদ্যোগে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য ও পরামর্শ দিয়ে এবং তুরস্ক ও পাকিস্তান সামরিক সরঞ্জাম সরবরাহ করে সৌদি আরবকে সহায়তা করছে; তবে হুথিদের সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিজেদের তেল স্থাপনা ও অবকাঠামো রক্ষায় মিত্রদের কাছে বাড়তি প্রতিরক্ষাব্যবস্থাও চেয়েছে রিয়াদ।

