ওয়ান নিউজ ডেস্ক:
উত্তেজনায় ভরা দুই লেগের লড়াই শেষে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেমিফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।
মিউনিখে অনুষ্ঠিত ফিরতি লেগে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন উসমান ডেম্বেলে। দ্রুত পাল্টা আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তার অষ্টম গোল।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় বায়ার্ন মিউনিখ। মাইকেল ওলিসে, জামাল মুসিয়ালা ও যোসিপ স্তানিসিচ একাধিক সুযোগ তৈরি করলেও পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ দুর্দান্ত সব সেভ করে দলকে এগিয়ে রাখেন।
শেষদিকে ম্যাচে নাটকীয়তা ফেরান হ্যারি কেইন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আলফন্সো ডেভিসের পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করে সমতা ফেরান ইংলিশ এই ফরোয়ার্ড। তবে সেই গোলও বায়ার্নকে ফাইনালে তুলতে পারেনি।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে পিএসজি শিবির। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মঞ্চের ফাইনালে উঠলো ক্লাবটি।
আগামী ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শিরোপা লড়াইয়ে পিএসজির প্রতিপক্ষ হবে দীর্ঘ ২০ বছর পর ফাইনালে ওঠা আর্সেনাল।

