ডেস্ক রিপোর্ট:
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের বার্ষিকীকে সামনে রেখে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৮ ও ৯ মে ৪৮ ঘণ্টার জন্য এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর এই সময় তারা বিজয় দিবস উদযাপন করে এবং রাজধানী মস্কোতে সামরিক কুচকাওয়াজসহ বিভিন্ন আয়োজন করা হয়। সেই প্রেক্ষাপটেই যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইউক্রেন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বার্তায় জানান, যুদ্ধবিরতি নিয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পৌঁছায়নি।
তিনি আরও বলেন, উৎসবের চেয়ে মানুষের জীবন বেশি গুরুত্বপূর্ণ এবং যুদ্ধ বন্ধে বাস্তব পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। বিশ্লেষকদের মতে, এই ঘোষণার মাধ্যমে কূটনৈতিক পরিস্থিতিতে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিললেও যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

